আব্দুল্লাহ ইবন ‘আমর রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন: জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লামকে জিজ্ঞেস করল, ‘ইসলামের কোন কাজটি উত্তম?’ তিনি বললেন, “খানা খাওয়াবে এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম দেবে।” সহীহ - সহীহ বুখারী ও মুসলিম
explain-icon

ব্যাখ্যা

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল: ইসলামের কোন গুণগুলো সর্বোত্তম? তিনি তখন দুটি গুণের কথা উল্লেখ করলেন: প্রথমটি হলো: গরিব-দুঃখীদের বেশি বেশি খাবার খাওয়ানো। এর মধ্যে সদকা, হাদিয়া, মেহমানদারি এবং ওয়ালিমা অন্তর্ভুক্ত। দুর্ভিক্ষ ও মূল্যবৃদ্ধির সময় খাবার খাওয়ানোর ফযীলত আরও বেশি গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টি হলো: প্রত্যেক মুসলিমকে সালাম দেওয়া, সে পরিচিত হোক বা অপরিচিত হোক।

explain-icon

হাদীসের শিক্ষা

  • সাহাবায়ে কেরাম দুনিয়া ও আখিরাতে উপকার দিবে এসব গুণাবলি জানার জন্য আগ্রহী ছিলেন।
  • সালাম প্রদান ও খাবার খাওয়ানো ইসলামে সর্বোত্তম আমলগুলোর মধ্যে অন্তর্ভুক্ত; কারণ এগুলোর ফজিলত অনেক এবং মানুষের জন্য সব সময় এগুলোর প্রয়োজন রয়েছে।
  • এ দুটি গুণে কথা ও কাজের ইহসান একত্রিত হয়, যা পূর্ণাঙ্গ ইহসান।
  • এই গুণগুলো মুসলিমদের পারস্পরিক আচরণ সম্পর্কিত। আর বান্দার সাথে তার রবের সম্পর্কের ক্ষেত্রেও কিছু গুরুত্বপূর্ণ গুণ রয়েছে।
  • সালাম প্রদান শুধুমাত্র মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। তাই অমুসলিমদেরকে প্রথমে সালাম দেওয়া যাবেনা।