নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আল্লাহ তা‘আলা তাঁকে সালাতের সময় সাতটি অঙ্গ দ্বারা সিজদা করতে নির্দেশ দিয়েছেন। সে সাতটি অঙ্গ হলো: প্রথম অঙ্গ: কপাল: নাক এবং দু’চোখের উপরে চেহারার অগ্রভাগ। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে বলেন, কপাল ও নাক সাত অঙ্গের একটি অঙ্গ। তিনি আরো তাগিদ দেন যে, সিজদাকারী সিজদার সময় নাক দ্বারা যমীন স্পর্শ করবে। দ্বিতীয় ও তৃতীয় অঙ্গ: দু’ হাত। চতুর্থ ও পঞ্চম অঙ্গ: দু’ হাঁটু। ষষ্ঠ ও সপ্তম অঙ্গ: দু’ পায়ের আঙ্গুলসমূহ। তিনি আমাদেরকে আরো আদেশ করেছেন যে, আমরা যেন যমীনে সিজদার সময় আমাদের চুল ও কাপড় না গুটাই; বরং এগুলো ছেড়ে দিবো, যাতে এগুলোও সিজদার সময় যমীনের উপর বিছিয়ে থাকে এবং অন্যান্য অঙ্গের সাথে এগুলোও সিজদা করে।