নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ছোট বাহিনী (সারিয়া) পাঠালেন এবং একজন আনসারী সাহাবীকে তাদের নেতা (আমির) নিযুক্ত করলেন। তিনি সাহাবীদেরকে সেই নেতার আনুগত্য করতে নির্দেশ দেন। সেই নেতা কোনো কারণে রাগ করে বললেন: তোমরা কি শুনোনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আমাকে মান্য করার নির্দেশ দিয়েছেন? তারা বললো: হ্যাঁ (অবশ্যই)। তিনি বললেন: তবে আমি তোমাদের আদেশ দিলাম যে তোমরা কাঠ সংগ্রহ করবে এবং আগুন জ্বালাবে, তারপর তাতে প্রবেশ করবে। অতঃপর তারা কাঠ সংগ্রহ করল এবং আগুন জ্বালালো। কিন্তু যখন তারা তাতে প্রবেশ করতে চাইল, তখন তারা একে অপরের দিকে তাকাতে লাগল (অর্থাৎ দ্বিধায় পড়ে গেল) তারা বলল: আমরা তো নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর অনুসরণ করেছি কেবল আগুন (জাহান্নাম) থেকে বাঁচার জন্য। তাহলে কি আমরা এখন তাতে প্রবেশ করব? আর যখন তারা এমন ভাবছিল, তখন আগুনের শিখা নিভে গেল এবং আমীরের (নেতার) রাগ প্রশমিত হয়ে গেল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ কথা শুনে বললেন: যদি তারা তাকে মান্য করে সেই আগুনে প্রবেশ করত যা তারা জ্বালিয়েছিল, তবে তারা তাতে শাস্তি পেত এবং দুনিয়ার মেয়াদ পর্যন্ত তা থেকে বের হতে পারত না। কারণ কোনো ব্যক্তির আনুগত্য নেই, যদি তা হয় স্রষ্টার অবাধ্যতা; আনুগত্য শুধু সৎ কাজে, পাপে নয়।