ইবন মাসঊদ রাদিয়াল্লাহু আনহু আমাদের সংবাদ দেন যে, ইয়াহুদীদের একজন জ্ঞানী ব্যক্তি রাসূলুল্লাহর নিকট এসে তাকে বলল, তারা তাদের কিতাবসমূহে পেয়েছে যে, আল্লাহ কিয়ামাতের দিন আসমানসমূহ একটি আঙ্গুলের উপর, যমীনসমূহ একটি আঙ্গুলের উপর, গাছ-পালা একটি আঙ্গুলের ওপর এবং মাটি একটি আঙ্গুলের ওপর রাখবেন। অপর বর্ণনায় আছে পানি এবং তার সমগ্র মাখলুক তার আঙ্গুলসমূহের একটি আঙ্গুলের উপর থাকবে। আর তা হলো পাঁচটি। যেমনটি বিশুদ্ধ বর্ণনাসমূহে এসেছে। তবে তার আঙ্গুল মাখলুকের আঙ্গুলের মতো নয়। আর তিনি তার ক্ষমতা ও মহত্বের কিছু অংশ প্রকাশ করবেন। তিনি এ সবকে নাড়া দেবেন এবং তার সত্যিকার মালিকানা, পরিপূর্ণ ক্ষমতা এবং সত্যিকার উলুহিয়্যাতের ঘোষণা দেবেন। তারপর ইয়াহুদী আলেমের কথার সত্যতা স্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁসে দিলেন, যাতে তার দাঁতগুলো প্রকাশ পেল। অতঃপর তিনি তিলাওয়াত করেন, তারা আল্লাহকে তার সম্মান অনুযায়ী সম্মান দিতে পারেনি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী তার হাতের মুঠোর মধ্যে হবে।